বগুড়ায় ৪ জেএমবি সদস্য রিমান্ডে

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ১৯:১২
বগুড়া শহরের ছিলিমপুর উত্তর পাড়া এলাকায় গ্রেফতার জেএমবির চার সদস্যকে তিনদিনের হেফাজতে নিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরা হলেন, জেলার গাবতলী উপজেলার পারকাঁকরা গ্রামের মো. ফজলে রাব্বী (৫৮), তার ছেলে আহম্মদ সাইফুল্লাহ সাদিক (১৯), বগুড়া সদরের ছিলিমপুর উত্তরপাড়ার ওসামা বিন আনিছ (১৯) এবং একই এলাকার ইমামুস সাকলাইন ওরফে রিহান (২৩) ।
 
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে তাদের আদালতে হাজির করে রিমান্ড চাইলে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করে। প্রসঙ্গত, সোমবার দিনগত রাত সাড়ে ১০ টার দিকে ওই এলাকার আনিছুর রহমানের বাড়িতে নিষিদ্ধঘোষিত এ সংগঠনের ওই চারজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা নাশকতার পরিকল্পনা করছিলেন।
 
বগুড়া জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) গাজিউর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।