আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে তালেবানদের আক্রমণে কোণঠাসা হয়ে পড়া আফগান সেনাদের উদ্ধারে সেখানে ব্রিটিশ সামরিক কর্মকর্তাদেরকে পাঠিয়েছে যুক্তরাজ্য।
যদিও গত বছর থেকে যুক্তরাজ্যের সেনারা আফগানিস্তানে সরাসরি যুদ্ধে আর অংশ নিচ্ছে না। তবে এখনও দেশটিতে প্রায় ৪৫০ জন ব্রিটিশ সেনা কর্মকর্তা রয়েছেন, যারা আফগান সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীকে পরমার্শ দেয়ার কাজ করছে।
হেলমান্দে যেসব ব্রিটিশ সেনা কর্মকর্তা পাঠানো হয়েছে তারাও পরামর্শকের কাজ করবে বলে মঙ্গলবার জানিয়েছে যুক্তরাজ্য কর্তৃপক্ষ।
লন্ডন থেকে প্রকাশিত টাইমস পত্রিকায় বলা হয়, ‘আফগান সেনাদের সহায়তার জন্য যুক্তরাজ্যের বিশেষ বাহিনীর ৩০ জন সেনা এবং যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর ৬০ জনের বেশি সেনাসদস্যকে সানগিনে পাঠানো হয়েছে।’
‘তবে তারা সরাসরি যুদ্ধে অংশ নেবে না। এমনকি তাদের শিবিরের বাইরেও মোতায়েন করা হবে না।’
সোমবার হেলমান্দের গভর্নর মির্জা খান রাহিমি বলেছিলেন, প্রাদেশিক রাজধানী সানগিনের সরকারি ভবন এবং পুলিশ কম্পাউন্ডের চারপাশ তালেবান যোদ্ধারা ঘিরে রাখলেও এখনও সেগুলো সরকারি বাহিনীর দখলেই আছে। যদিও আশেপাশের সব রাস্তা তালেবানদের দখলে চলে গেছে।
দ্রুত বাইরে থেকে সাহায্য না আসলে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও সতর্ক করেছিলেন তিনি।
