দাউদকান্দিতে মেয়র পদে স্বামী-স্ত্রীর মনোনয়নপত্র দাখিল

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ২২:১১
কুমিল্লার দাউদকান্দি পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন দাউদকান্দি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহ জাহান মিয়া এবং তার স্ত্রী নাজমা বেগম।
 
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সহকারী রিটার্নিং অফিসার মো. ফারুক হোসেন উচ্চ আদালতের এক আদেশের পরিপ্রেক্ষিতে এবং নির্বাচন কমিশনের নির্দেশে ওই দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র গ্রহণ করেন।
 
জানা গেছে, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩ ডিসেম্বর শাহজাহান মিয়া ও তার স্ত্রীর মনোনয়নপত্র রিটার্নিং অফিসার গ্রহণ করেননি। পরদিন ওই দম্পতি পৃথকভাবে হাইকোর্টে রিট এবং নির্বাচন কমিশনে আবেদন করেন। শুনানি শেষে নির্বাচন কমিশন উভয়ের আপিল খারিজ করে দিলেও গত ১০ ডিসেম্বর হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ওই দম্পতির মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসককে নির্দেশ দেয়।
 
মঙ্গলবার রাত নয়টায় মুঠোফোনে মেয়র প্রার্থী শাহজাহান মিয়া বলেন, ‘উচ্চ আদালতের একটি গুরুত্বপূর্ণ ও জরুরি নির্দেশ বাস্তবায়ন করতে নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন আমার মূল্যবান ১২ টি দিন শেষ করে ফেলেছে। এই অল্প সময়ে নির্বাচনের প্রস্তুতি নেয়া অসম্ভব হয়ে পড়বে, তাই নির্বাচন স্থগিত করে সময় বর্ধিত করার জন্য আমি উচ্চ আদালতে আবেদন করতে পারি।’
 
সহকারী রিটার্নিং অফিসার মো. ফারুক হোসেন মুঠোফোনে জানান, বুধবার তাদের মনোনয়নপত্র যাচাই করা হবে। সবকিছু ঠিক থাকলে কমিশনের নির্দেশ পেলে তাৎক্ষণিকভাবেই তাদের প্রতীক বরাদ্দ দেয়া হতে পারে।