ঘরেই তৈরি করুন ক্রিসমাস ফ্রুটকেক

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৫, ১২:৩৬
ক্রিসমাস মানেই কেক! দোকান থেকে তো সারা বছরই কেক কিনা খাওয়া হয়। ক্রিসমাসের সময়টায় না হয় বাড়িতেই তৈরি করে ফেলুন দারুণ একটি ফ্রুটকেক। ড্রাই ফ্রুট দিয়ে তৈরি দারুণ এই ফ্রুটকেক ক্রিসমাসের আমেজ নিয়ে আসবে আপনার বাড়িতে। ইচ্ছে হলে এখনই তৈরি করে রাখতে পারেন এই কেকটি। চলুন, দেখে নেই রেসিপি।  
 
 
উপকরণ
-   পৌনে এক কাপ (১২০ গ্রাম) ড্রাই ফ্রুট মিক্সচার
-   আধা কাপ (১০০ গ্রাম) ক্যান্ডিড লাল বা সবুক চেরি টুকরো করে কাটা
-   ১/৩ কাপ (৩০ গ্রাম) কিসমিস
-   ২-৩ টেবিল চামচ ফ্রুট জুস
-   আধা কাপ মাখন
-   আধা কাপ চিনি
-   ৩টা বড় ডিম
-   আধা চা চামচ ভ্যনিলা এক্সট্রাক্ট
-   সিকি চা চামচ আমন্ড এক্সট্রাক্ট
-   দেড় কাপ (১৯৫ গ্রাম) ময়দা
-   আধা কাপ কাঠবাদাম গুঁড়ো
-   ১ চা চামচ বেকিং পাউডার
-   সিকি চা চামচ লবণ
-   একটা ছোট লেবুর চামড়া গ্রেট করা
-   সিকি কাপ দুধ
 
যেভাবে তৈরি করবেন
একটা বোলে মিশিয়ে নিন শুকনো ফলগুলো। এর মধ্যে ফ্রুট জুস দিন। ঢেকে রেখে দিন এক দিন। মাঝে মাঝে নেড়ে দিতে পারেন। কেক তৈরি করার আগে ওভেন প্রি-হিট করে নিন ১৮০ ডিগ্রি সেলসিয়াসে। একটা 9X5X3 ইঞ্চির কেক টিনের ভেতরে মাখন মেখে রাখুন। অন্য একটি বোলে ময়দা, কাঠবাদাম গুঁড়ো, বেকিং পাউডার, লবণ এবং লেবুর খোসা কুচি একসাথে মিশিয়ে নিন। হ্যান্ড মিক্সার বা ইলেক্ট্রিক মিক্সারে বিট করে নিন মাখন এবং চিনি যতক্ষণ না মসৃণ এবং ফ্লাফি হয়। এতে একটা একটা করে ডিম দিয়ে মিশিয়ে নিন। মিশিয়ে নিন ভ্যানিলা এবং আমন্ড এক্সট্রাক্ট। এরপর জুসে ভেজানো ড্রাই ফ্রুট দিয়ে দিন যতক্ষণ না ভালো করে মিশে যায়। এবার এই ব্যাটারে অর্ধেক ময়দার মিশ্রণ বিট করে মিশিয়ে নিন। এরপর দুধটুকু বিট করে মিশিয়ে নিন। এরপর বাকি ময়দার মিশ্রণ বিট করে মিশিয়ে নিন। কেকের প্যানে মিশ্রণটি ঢেকে দিয়ে ওপরে ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দিতে পারেন। ৬০-৭০ মিনিট বেক করুন। ভেতরে একটা টুথপিক ঢুকিয়ে দেখতে পারেন ঠিকমতো বেক হয়েছে কিনা। ওভেন থেকে নামিয়ে ১০ মিনিট ঠাণ্ডা হতে দিন, তারপরে প্যান থেকে বের করুন।
 
ব্যাস্, তৈরি হয়ে গেলো আপনার ক্রিসমাস ফ্রুট কেক। এটা গরম গরম পরিবেশন করতে পারেন অথবা কিছুদিন রেখেও দিতে পারেন। দুই-একদিন পর সার্ভ করলে ফ্লেভারগুলো আরও ভালো করে মিশে যাবে একসঙ্গে। রুম টেম্পারেচারে এক সপ্তাহ পর্যন্ত রেখে দেয়া যেতে পারে এই ফ্রুট কেক।