বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর উদ্যোগে বিসিক ভবন চত্বরে চলছে ৫ দিনব্যাপী ‘বসন্তমেলা ১৪২৫ ও ত্রৈমাসিক কারুশিল্প প্রদর্শনী’।
উদ্বোধনী অনুষ্ঠানে বলা হয়, বিসিকের নকশা কেন্দ্রের মাধ্যমে ব্লক, বাটিক, প্রিন্টিং, পুতুল তৈরি, স্ক্রিন প্রিন্টিং, প্যাকেজিং, বাঁশ-বেতের কাজ, পাটজাত হস্তশিল্প, চামড়াজাত পণ্য, ধাতব শিল্প, বুনন শিল্প ও ফ্যাশন ডিজাইন ইত্যাদি ১৪টি ট্রেডে এ পর্যন্ত ২৮ হাজার ৪১৫ জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। নকশা ও নমুনা উদ্ভাবন ও বিতরণ করা হয়েছে যথাক্রমে ৩৩ হাজার ১২৪ এবং ৬৮ হাজার ৬০টি। এ পর্যন্ত মেলা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে ১৭৩টি। মেলায় বিভিন্ন ধরনের হস্ত ও কুটির শিল্পপণ্যের ৪৬টি স্টল রয়েছে। মেলা চলবে আগামী ১৪ মার্চ পর্যন্ত। মেলা ও প্রদর্শনী সর্বসাধারণের জন্য প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
