দিল্লিতে আদালত প্রাঙ্গণে গুলি, পুলিশ নিহত

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৫, ১৫:২০
 
ভারতের পূর্ব দিল্লির কারকারদুমা আদালত প্রাঙ্গণে চার বন্দুকধারীর গুলিবর্ষণে এক পুলিশ নিহত ও অপর দুইজন আহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে বুধবার এনডিটিভি এই তথ্য জানানো হয়েছে।
 
নিহত পুলিশ সদস্যের নাম রাম কুমার। তিনি পুলিশের হেড কনস্টেবল।
 
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল ১১টার দিকে এক বিবাদীকে আদালতে নিয়ে যাওয়া সময় বন্দুকধারীরা গুলি ছোড়ে।
 
একটি মামলায় চেন্নু পাহলওয়ান ওরফে ইরফান নামের এক বিচারাধীনকে আদালতে নিয়ে যাওয়া সময় প্রতিদ্বন্দ্বী অপরাধী গোষ্ঠীর সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে জানা গেছে।
 
রাম কুমার আসামি ইরফানকে নিয়ে আদালতে ৭৩ নাম্বার রুমের দিকে অগ্রসর হচ্ছিলেন। তএসময় গুলি ছোড়া হলে রামের বুকে ও মাথায় তিনটি গুলি লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
পুলিশের ইস্টার্ন রেঞ্জের যুগ্ম কমিশনার সঞ্জয় বেনিওয়াল বলেন, দলটি আদালতে প্রবেশ করে ইরফানকে দেখা মাত্রই গুলির্বষণ করে। সে আহত হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে ইরফানের সঙ্গে থাকা পুলিশ সদস্য নিহত হন। ইরফান অপর একটি অপরাধী দলের সদস্য।
 
গুলিতে আদালত প্রাঙ্গণে উপস্থিত এক কেরানিও আহত হন বলে জানিয়েছে এনডিটিভি।