জলঢাকায় নৌকায় ভোট চাইলেন যুবলীগের কেন্দ্রীয় নেতারা

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৫, ১৭:১৮

 

নীলফামারীর জলঢাকায় আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ভোট চাইলেন যুবলীগের কেন্দ্রীয় নেতারা।

এ সময় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়ার অভিযোগে তিন যুবলীগ নেতাকে বহিষ্কার করা হয়।

বুধবার সকালে কেন্দ্রীয় যুবলীগ সাংগঠনিক সম্পাদক এমরান হোসেনের নেতৃত্বে একটি নির্বাচন প্রতিনিধি টিম পৌরশহরের বিভিন্ন এলাকায় মেয়র পদে নৌকার প্রার্থী আব্দুল ওয়াহেদ বাহাদুরকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরন করেন। পরে বিকেল ৩টার দিকে জিরোপয়েন্ট মোড়ে পথসভায় মিলিত হয়।

উপজেলা যুবলীগ আহ্বায়ক সারোয়ার হোসেন সাদেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক শোয়েব হোসেন ফারুক, সহসম্পাদক যুবলীগ কেন্দ্রীয় কমিটির জাকির হোসেন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সাদ্দাম হোসেন পাভেল ও দলীয় মেয়র প্রার্থী আব্দুল ওয়াহেদ বাহাদুর।

সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়ার অভিযোগে ৩ যুবলীগ নেতাকে বহিষ্কারের ঘোষণা দেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগের দায়িত্বরত এমরান হোসেন খান। বহিষ্কৃত ৩ নেতা হলেন পৌর যুবলীগ যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম পলাশ, লাভলুর রশিদ ও মৃনাল বিশ্বাস।