বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড নেই। শ্রীপুরের কয়েক জায়গায় সরকারি দলের প্রার্থীর পক্ষ থেকে আমাদের দলের প্রার্থীর নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এমনকি প্রশাসনের কেউ কেউ আমাদের নেতাদের ভয়ভীতি দেখাচ্ছেন।
বুধবার দুপুরে গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী শহিদুল্লাহ শহিদের নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে হান্নান শাহ এ সব কথা বলেন।
এ সময় জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাওলানা এস এম রুহুল আমীন, শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির, বিএনপি নেতা সিরাজ উদ্দিন কাঁইয়া, রিয়াজুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
