পৌর নির্বাচনে বিধি ভঙ্গ ঠেকাতে সরাসরি অ্যাকশন দেখানোর হুঁশিয়ারি দিয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, ‘এখন যে সময় রয়েছে চিঠি-চুঠির বিষয় থাকবে না; রিটার্নিং অফিসারকে বলেছি, ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তারা সরাসরি অ্যাকশন নেবে।’
বুধবার শেরেবাংলা নগরে ইসি সচিবালয়ে নিজের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।
আচরণবিধি ভঙ্গের ব্যাপক অভিযোগ উঠলেও এই নির্বাচন কমিশনার বলছেন, দু-একটি ‘বিচ্ছিন্ন ঘটনা’ ঘটেছে। নির্বাচনের পারিপার্শ্বিক অবস্থা আমাদের বিপক্ষে চলে গেছে, একথা মোটেও সত্য নয়। এখনও আমাদের কাছে যে রিপোর্ট আছে-দুয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে; ব্যবস্থা নেয়া হচ্ছে। এসব বিষয় আমাদের দৃষ্টিগোচরে আসছে। সঙ্গে সঙ্গে রিটার্নিং অফিসারকে নির্দেশও দিচ্ছি।’
তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরও শো-কজ করার ব্যবস্থা করছি। আচরণবিধি ভঙ্গ করলে যত বড় লোকই হোক, ক্ষমতাশালীই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
