কাপাসিয়ায় ফরম পূরণ করতে না দেয়ায় অধ্যক্ষকে অবরুদ্ধ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৫, ২১:২০

 

পাঁচ বিষয়ে অকৃতকার্য ছাত্রলীগ নেতাকে ফরম পূরণের সুযোগ না দেয়ায় বুধবার গাজীপুরের কাপাসিয়ায় কলেজ অধ্যক্ষকে প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখে এক ছাত্রলীগ নেতা। সন্ধ্যায় অবরুদ্ধ ওই অধ্যক্ষকে পুলিশ উদ্ধার করে।

এ ঘটনায় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকবর হোসেনের নাম উল্লেখসহ ১৫ থেকে ১৬ জনের নামে থানায় সাধারণ ডায়েরি করেছেন কলেজের অধ্যক্ষ।

কাপাসিয়ার টোক ইউনিয়নের শরীফ মোমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তাজ উদ্দিন জানান, এবারের এইচএসসির নির্বাচনী পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকবর হোসেন ৭ বিষয়ের মধ্যে ৫ বিষয়ে অকৃতকার্য হয়। বুধবার দুপুরে আকবর হোসেন কলেজে এসে তাকে ফরম পূরণের সুযোগ দেয়ার দাবি জানায়। কিন্তু কলেজ গভর্নিং বডির সিন্ধান্ত মোতাবেক ফরম পূরণের সুযোগ দিতে অপারগতা প্রকাশ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে আকবর হোসেন বহিরাগত ক্যাডারদের নিয়ে এসে কার্যালয়ের কলাপসিবল গেটে তালা ঝুলিয়ে দেয়।

পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমানকে মোবাইল ফোনে জানানো হলে তিন ঘণ্টা পর সন্ধ্যায় পুলিশ তালা ভেঙ্গে আমাদের উদ্ধার করে।


এ ব্যাপারে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান জানান, অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখার বিষয়টি গ্রহণ যোগ্য নয়। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকবর হোসেনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫-১৬ জনের বিরুদ্ধে কাপাসিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন কলেজের অধ্যক্ষ।