নড়াইলে একটি ওয়ান শুটারগানসহ একাধিক মামলার আসামি মঈন মোল্যাসহ (৩২) তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। মঈন নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের খামার গ্রামের মতি মোল্যার ছেলে।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ জলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে খামারবাড়ি গ্রামে অভিযান চালিয়ে সন্ত্রাসী মঈনকে তার পাশের একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৪পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী একই গ্রামের হাসমত আলীর ঘরের ভেতরে মাটির নিচে পলিথিনে মোড়ানো লুকিয়ে রাখা একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই বাড়ির মালিক হাসমত আলী (৬০) ও তার ছেলে মিকাইল হোসেনকে (২০) আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত মঈনের বিরুদ্ধ দুটি অস্ত্র মামলা, দুটি ডাকাতি মামলাসহ বিভিন্ন অপরাধে ৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
