নির্বাচনী প্রচারণায় কোনভাবেই যাতে ধর্ম ও সাম্প্রদায়িকতা ব্যবহৃত হতে না পারে তা সুনিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাস গুপ্ত আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ আহ্বান জানান।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের পতাকা যাদের হাতে সমুন্নত থাকবে, একাত্তরের স্রোতধারা বহন করে রাষ্ট্রীয় চার মূলনীতি অবিকৃতভাবে নিয়ে যাওয়ার অঙ্গীকার করবে এবং সংখ্যালঘু স্বার্থরক্ষায় যারা অবিচলভাবে ভূমিকা পালন করবে তাদের পাশে এবারের পৌর নির্বাচনেও পরিষদের অবস্থান থাকবে।
ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের প্রতি আহ্বান জানিয়ে রানা দাস গুপ্ত বলেন, 'আপনারা এই নির্বাচনে অতীতের মতোই সক্রিয়ভাবে অংশগ্রহন করে নাগরিক অধিকার প্রয়োগ ও আদায়ে যথাযথ ভূমিকা পালন করুন।'
পৌরসভা নির্বাচনী এলাকা সমূহে যেখানে যোগ্য, দেশপ্রেমিক সংখ্যালঘু মেয়র ও কাউন্সিলর প্রার্থী রয়েছে সেসব প্রার্থীদের নির্বাচনে জয়লাভে ধর্ম-বর্ণ-লিঙ্গ-দলমত নির্বিশেষে সর্বশ্রেনীর ভোটারদের যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিনের উৎসবে যাতে এ সম্প্রদায়ের লোকজন উৎসব মূখর পরিবেশে পালন করতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আইন-শৃঙখলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য কাজল দেবনাথ, বাসুদেব ধর, মিলন কান্তি দত্ত, যুগ্ম-সাধারণ সম্পাদক নির্মল রোজারিও, নির্মল চ্যাটার্জি ও দফতর সম্পাদক দীপঙ্কর দাস সহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাসস।
