টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ পাচারকারী নিহত, গুলিবিদ্ধ ১

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ১৭:৫৫
কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিজিবি ও ইয়াবা পাচারকারীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটেছে। এতে এক পাচারকারী নিহত হয়েছেন। এ ঘটনায়  গুলিবিদ্ধ অপর একজনকে আটক করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা ও দুটি ধারাল ছুরি জব্দ করা হয়।
 
বৃহস্পতিবার ভোর রাতে টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়াস্থ ৩ নং স্লুইচ গেট এলাকার নাফ নদীর  মোহনায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ দরবেশ (২০) ও গুলিবিদ্ধ মোহাম্মদ সেলিম (২০) মিয়ানমারের নাগরিক।
 
বিজিবি টেকনাফস্থ ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, ইয়াবা পাচারের  গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি স্লুইচ গেট এলাকায় অবস্থান নেয়। এ সময় ইয়াবা পাচারকারীরা বিজিবিকে লক্ষ করে গুলি ছুড়ে। এ সময় আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে বন্ধুকযুদ্ধের বাধে। এক পর্যায়ে ইয়াবা পাচারকারীরা পিছু হটে। এ সময় দুইজন পাচারকারী কেওড়া বনে ঢুকে নাফ নদী পার হয়ে মিয়ানমারে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় ইয়াবা পাচারকারী মোহাম্মদ দরবেশ ও মোহাম্মদ সেলিম নামে দুইজন মিয়ানমার নাগরিককে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩০ হাজার পিস ইয়াবা ও দুটি ধারাল ছুরি জব্দ করে। আহতদের টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ দরবেশকে মৃত ঘোষণা করেন।
 
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপর আহত ইয়াবা পাচারকারীকে পুলিশ হেফাজতে টেকনাফ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।