ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব থেকে এক র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে প্রেসক্লাব অডিটরিয়ামে ফিরে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক এম. সাইফুল মাবুদ। প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.বিএম রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের বিজয়ের মাসে ইত্তেফাকের ৬৩তম জন্মদিন পালিত হচ্ছে। ইত্তেফাক ও আমাদের স্বাধীনতা সংগ্রামের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। ইত্তেফাক ও এর প্রতিষ্ঠাতা সম্পাদক মানিক মিয়া তার লেখনির মাধ্যমে নেপথ্যে থেকে বঙ্গবন্ধুকে বাঙালীর মুক্তির সংগ্রামকে এগিয়ে নিতে প্রেরণা যুগিয়েছিলেন।
আলোচনায় অংশ নেন সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল আলীম, উপাধ্যক্ষ আব্দুস সালাম, আলাউদ্দিন আজাদ, মাহমুদ হাসান টিপু, নিজাম জোয়ারদার বাবলু, এম.রায়হান প্রমুখ। এর আগে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করা হয়। সে সময় স্বাগত বক্তব্য রাখেন ইত্তেফাকের ভ্রাম্যমাণ প্রতিনিধি বিমল সাহা।
