কুমিল্লায় অগ্নিকাণ্ডে স্কুলছাত্রের মৃত্যু, আহত ৪

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ১৮:৩৯
কুমিল্লার বুড়িচংয় উপজেলায় অগ্নিকাণ্ডে হাসান নামের একস্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা-মাসহ পরিবারের আরো চার সদস্য  দগ্ধ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
 
বুধবার গভীর রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের পাইকোটা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। স্থানীয়রা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।
 
স্থানীয়রা জানান, বুধবার গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই ঘরে আগুনের সূত্রপাত হয়। মুর্হূতেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় পরিবারের সবাই ঘুমন্ত অবস্থায় ছিল। পরে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছে গৃহকর্তা মো. হোসেন, তার স্ত্রী আবুনী বেগম, মেয়ে রিমা, মিতা ও ছেলে হাসানকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে। এদের ভোর রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেয়া হয়। আহতদের মধ্যে বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় স্কুলছাত্র হাসান মারা যায়। সে ওই উপজেলার শংকুচাইল উচ্চ বিদায়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল।