নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: সেতুমন্ত্রী

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ১৯:৫৩
 
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন পৌরসভা নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশন যে পদক্ষেপ নেবে আমরা তাতে সহযোগিতা করব।
 
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা বিসিএস অফিসার কল্যাণ সমিতি আয়োজিত বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা ও বিজয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের যারা মদদ দেবে, তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। মদদ দেওয়ায় যদি এমপিও হন তাহলে আগামী সংসদ নির্বাচনে তার মনোনয়ন বাতিল করা হবে। তিনি বলেন, বিএনপি দেউলিয়া হয়ে এখন নালিশের রাজনীতিতে পরিণত হয়েছে। কথায় কথায় তারা শুধু নালিশ করছে। পৌরসভা নির্বাচনে সেনাবাহিনী নামানোর জন্য বিদেশি কূটনীতিকদের কাছে নালিশ করেছেন। বাংলাদেশের নির্বাচনে সেনাবাহিনী নামানোর সিদ্ধান্ত বিদেশিরা নেবে না। সেনাবাহিনী নামাতে হলে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
 

তিনি বলেন, বিএনপি পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ায় আমরা তাদের স্বাগত জানাই। কিন্তু দু:খের বিষয়, তারা প্রতিদিন বুলি ছুড়ছেন নির্বাচন সুষ্ঠু হলে ৮০ শতাংশ জায়গায় জয়লাভ করবে। আমরা বলছি নেতিবাচক রাজনীতির কারণে তারা ৮০ শতাংশ জায়গায় পরাজিত হবে। বিএনপি এখন নালিশের দলে পরিণত হয়েছে। কথায় কথায় তারা নালিশ করছেন। এমনকি পৌরসভা নির্বাচনে সেনাবাহিনী নামানোর জন্য বিদেশি কূটনীতিকদের কাছেও নালিশ করছেন। আমাদের দেশের নির্বাচনে বিদেশিদের কথায় সেনাবাহিনী নামবে না। সেনাবাহিনী দরকার হলে নির্বাচন কমিশন নামাবে।