ক্ষমতাসীনদের হামলার শিকার হচ্ছে প্রার্থীরা : জাপা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ২১:০১

 

পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির দলের প্রার্থীরা ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের আক্রমণের শিকার হচ্ছেন বলে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ করেছে জাতীয় পার্টি (জাপা)।

 

বৃহস্পতিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে এ অভিযোগ করে জাপার পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।

দলের  প্রেসিডিয়াম সদস্য  সৈয়দ আবু হোসেন বাবলার  নেতৃত্বে এ প্রতিনিধি দলে ছিলেন প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতি, সাঈদুর রহমান  টেপা, যুগ্ম-মহাসচিব রেজাউল করিম ভূইয়া ও নুরুল ইসলাম নুরু।

সিইসির সঙ্গে সাক্ষাৎ করে  বেরিয়ে আসার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবু  হোসেন বাবলা বলেন, বিভিন্ন স্থানে জাতীয় পার্টির প্রার্থীরা ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের আক্রমণের শিকার হচ্ছেন। টাঙ্গাইল, ফেনী ও কুষ্টিয়ায় হুমকি দিয়ে প্রার্থিতা প্রত্যাহারে বাধ্য করা হয়েছে। জয়পুরহাটে জাপার প্রার্থীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। আমরা সিইসির কাছে এর প্রতিকার চেয়েছি।