লালমনিরহাটে ট্রাকচাপায় নিহত ২

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৫, ০৯:৪৯
 
লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাকচাপায় দুই পথচারী নিহত হয়েছে। এই ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভুল্লারহাট এলাকার বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- কালীগঞ্জের হাজরানীয়া গ্রামের বাসিন্দা আব্দুর জব্বার ও মরিফুল ইসলাম। আহতদের পরিচয় জানা যায়নি। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেয়া হয়েছে।
 
কালীগঞ্জ থানার ওসি মনজুর রহমান জানান, বুড়িমারী থেকে ছেড়ে আসা বাঁশবোঝাই একটি ট্রাক ভুল্লারহাট বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রাকের চাপায় পথচারী জব্বার ও মরিফুল ঘটনাস্থলেই মারা যান।