বেরোবিতে কর্মকর্তাদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

আপডেট : ১১ মার্চ ২০১৯, ২১:৪৭

বেরোবি সংবাদদাতা

উপাচার্যের পিএস আমিনুর রহমানকে অব্যাহতি, ডেপুটি রেজিস্ট্রার গোলাম মোস্তফাকে সংস্থাপন শাখা থেকে অন্য শাখায় বদলিসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে সোমবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে অফিসার্স অ্যাসোসিয়েশন।

বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, উপাচার্যের পিএস আমিনুর রহমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দপ্তরকে অকার্যকর করে রেখেছেন। আর ডেপুটি রেজিস্ট্রার গোলাম মোস্তফা সংস্থাপন শাখার বিভিন্ন ফাইল গোপন করে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তাই এই দুই কর্মকর্তাকে বদলিসহ ১১ দফা দাবিতে অফিসার্স অ্যাসোসিয়েশন কর্মবিরতি শুরু করেছে।

এদিকে উপাচার্যের একান্ত সচিব (পিএস) আমিনুর রহমান বলেন, অফিসার্স অ্যাসোসিয়েশন সুনির্দিষ্ট কারণ ছাড়াই উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার অপসারণ দাবিতে কর্মবিরতি শুরু করেছে। এটি উপাচার্যের সিদ্ধান্তের উপর হস্তক্ষেপের শামিল।

রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল বলেন, এ বিষয়ে উপাচার্যের সঙ্গে কথা হয়েছে। আমরা আরও সময় চেয়েছিলাম। কিন্তু তারা সময় দেয়নি। আর বর্তমানে ক্যাম্পাসে অফিস করার পরিবেশ না থাকায় আমি সেখানে যাচ্ছি না।