ফেনীতে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের গুলিতে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে শহরের চাড়িপুর মহল্লার এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন-স্থানীয় মাঈনুদ্দিন (৫০) ও তার ভাগ্নি আকলিমা আক্তার (১৫)।
মাঈনুদ্দিনের পরিবার জানিয়েছে, উত্তর চাড়িপুরে চৌধুরী বাড়ির ৬২ শতাংশ জমি নিয়ে চৌধুরী বাড়ির লোকজনের সঙ্গে মাঈনুদ্দিনের বিরোধ ছিল। বিরোধের জের ধরে গতকাল রাতে চৌধুরী বাড়ির মান্না, শহীদ চৌধুরী, স্বপন, মিঠু চৌধুরী ও সাহেদ চৌধুরী অতর্কিতভাবে গুলি চালায়। এতে মাঈনুদ্দিন ও আকলিমা ছাড়াও আলাউদ্দিন, মারুফ ও সাইফুল ইসলাম গুলিবিদ্ধ হন।
ফেনী সদর হাসপাতালের চিকিত্সক মুহাম্মদ আবু তাহের বলেন, হাসপাতালে আনার আগেই মাঈনুদ্দিন ও আকলিমা মারা যান। অন্য তিনজনকে উন্নত চিকিত্সার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেনী মডেল থানার ওসি মাহবুব মোরশেদ জানান, তাত্ক্ষণিকভাবে চারজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান চলছে।
