দক্ষিণ নাইজেরিয়ার একটি শিল্পাঞ্চলের গ্যাস প্ল্যান্টে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শতাধিক নিহতের আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আনম্ব্রা প্রদেশের নিউয়ি শহরের এক গ্যাস প্ল্যান্টে ট্রাক থেকে রান্নার গ্যাস সরবরাহ করার সময় বিস্ফোরণ হয়। এই ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।
কিছু সংবাদমাধ্যম বলছে, বিস্ফোরণে ৩৫ জন নিহত হয়েছে, আবার বেশ কিছু গণমাধ্যম ১০০ জন নিহতের কথা জানাচ্ছে।
ভ্যানগার্ড নামের একটি পত্রিকা বলছে, যেসব মানুষ তাদের সিলিন্ডারে গ্যাস সংগ্রহ করতে এসেছিল তারা আগুন পুড়ে গেছেন। কারখানার শ্রমিকসহ অনেক পথচারীও বিস্ফোরণে নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে।
দমকল বাহিনী এবং ঐ এলাকার বাসিন্দাদের চেষ্টায় কয়েক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় পুলিশ এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা এখনও নিশ্চিত জানাতে পারেনি।
