কুবি সংবাদদাতা
বাস সংকট নিরসন ও বাস বৃদ্ধির দাবিতে আমরণ অনশনের ডাক দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিফাত আদনান। সোমবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের সামনে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে আমরণ অনশনে বসেন রিফাত।
তার সাথে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। অন্যদিকে অনশন ভাঙানো ও শিক্ষার্থীদের বোঝাতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শুভ্রত সাহা শিক্ষার্থীদের ‘অমানুষের বাচ্চা’ বলে গালি দিলে প্রতিবাদ করেন শিক্ষার্থীরা।
রিফাত জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবো।
শিক্ষার্থীদের গালি দেয়ার বিষয়ে শুভ্রত সাহা বলেন, আমি ভিসি স্যারের অসুস্থতার কথা বোঝাতে গিয়ে তাদের ‘মানুষের বাচ্চা না’ বলে ফেলি। এজন্য সবার কাছে ক্ষমা চেয়েছি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, আমরা বিআরটিসি চেয়ারম্যানের সাথে কয়েকবার বৈঠক করেছি। নতুন বাস আসলেই আমাদের পরিবহনে যুক্ত হবে।
