গাংনীর শীর্ষ সন্ত্রাসী মিলন গ্রেফতার

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৫, ১৫:৫০
 
 
গাংনী উপজেলার শীর্ষ সন্ত্রাসী ছিনতাই, মোবাইল ফোনে চাঁদাবাজি, অপরহরণ ও মুক্তিপণ মামলাসহ একাধিক মামলার আসামী মিলন (৩০) অবশেষে পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে। সন্ত্রাসী মিলন গাংনী উপজেলার তেরাইল মধ্যপাড়া এলাকার রেজাউল হকের ছেলে।
 
শুক্রবার বেলা ১১টার সময় গাংনী থানার ওসি (তদন্ত) মোক্তার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম তেরাইল বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
 
গাংনী থানার ওসি আকরাম হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেছেন, সন্ত্রাসী মিলনের নামে ইটভাটায় চাঁদাবাজি, অপহরণ, মুক্তিপণ আদায় ও ছিনতাইয়ের অভিযোগে গাংনী থানায় চারটি মামলা রয়েছে।
 
এর আগে একাধিকবার পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। গাংনী থানায় এনে মিলনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান ওসি আকরাম হোসেন।