খাগড়াছড়িতে আওয়ামী লীগ প্রার্থীর কার্যালয়ে আগুন

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৫, ১৫:৫৯
 
খাগড়াছড়ি পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে জেলা শহরের শালবন এলাকায় মো. শানে আলমের কার্যালয়ে এ ঘটনা ঘটে। প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীর লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে শানে আলম অভিযোগ করলেও তা অস্বীকার করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী রফিকুল আলম।
 
ঘটনা সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ওসি শামসুদ্দিন ভূইয়া জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. শানে আলম অভিযোগ করেন, শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশকে ব্যাহত করতে বর্তমান মেয়র ও স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলম পরিকল্পিতভাবে এ ধরনের কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন।
 
এ অভিযোগের পর রফিকুল আলম শুক্রবার সকালে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন করেছেন। খাগড়াছড়িতে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে বলে পাল্টা অভিযোগ করেন তিনি।
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. রফিকুল আলম বলেন, তার গণজোয়ার দেখে ঈর্ষান্বিত হয়ে আওয়ামী লীগ প্রার্থী মো. শানে আলম ও বিএনপি প্রার্থী মালেক মিন্টু তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
 

বৃহস্পতিবার শাল বাগান এলাকায় আওয়ামী লীগের প্রার্থী শানে আলমের কর্মী-সর্মথকরা তার উপর হামলা চালায়, অথচ বিকালে সংবাদ সম্মেলন করে উল্টো তার (রফিকুল আলম) সমর্থকদের উপর দায় চাপিয়েছেন।