ভূঞাপুর পৌর নির্বাচনের এবার মেয়র পদে চাচার প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন তার ভাতিজা। দুইজনই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। চাচা মাসুদুল হক মাসুদ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী। ভাতিজা তারিকুল ইসলাম চঞ্চল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র মেয়র প্রার্থী।
চাচা নৌকা প্রতীকে আর ভাতিজা মোবাইল ফোন মার্কায় ভোট প্রার্থনা করছে ভোটারদের কাছে। ভূঞাপুরে এটাই নির্বাচনের আকর্ষণ হয়ে দাড়িয়েছে।
বিদ্রোহী প্রার্থী হওয়ায় তারিকুল ইসলাম চঞ্চলকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। তারপরও থেমে নেই প্রচার-প্রচারণা। জয় ঘরে তুলতে মোবাইল ফোন মার্কায় ভোট পেতে দারস্থ হচ্ছেন ভোটাদের কাছে।
স্বতন্ত্র মেয়র প্রার্থী তারিকুল ইসলাম চঞ্চল জানান, পৌরবাসী আমাকে চায়। তাদের চাওয়াতেই আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হচ্ছে। প্রচারণার সময় কর্মীদেরকে হুমকি-ধমকি দেয়াসহ বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। চাচার হাতে সরকার, প্রশাসন ও টাকা আছে। আমার কাছে আল্লাহ আর জনগণ আছেন।
বর্তমান মেয়র ও আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মাসুদুল হক মাসুদ জানান, ভাতিজা স্বতন্ত্র হয়ে নির্বাচন করলেও তাতে কোন প্রভাব পড়বে না। নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। জয়ী হতে পারলে পৌরবাসীর সকল নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। পৌর এলাকায় আধুনিক বাসস্ট্যান্ড স্থাপন ও ভূঞাপুর-তারাকান্দি সড়কের পৌরসভা সংলগ্ন লৌহজং নদীর উপর ব্রিজ নির্মাণ করা হবে।
