নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাবার হোটেলে ঢুকে গেলে শিশুপুত্রসহ এক ব্যক্তি নিহত হয়েছেন, আহত হন হোটেল মালিক।
শুক্রবার দুপুরে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান কাঁচপুর হাইওয়ে পুলিশের ট্রাফিক সার্জেন্ট আনোয়ারুল ইসলাম।
নিহতরা হলেন উপজেলার ছোট সাদীপুরের নজরুল ইসলাম (৪৫) ও তার ছেলে হাসিব (৮)।
আহত হোটেল মালিক সেলিমকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সার্জেন্ট আনোয়ারুল জানান, দুপুরে নজরুল ছেলে হাসিবকে নিয়ে স্থানীয় একটি মসজিদে জুম্মার নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হন। পথে একটি হোটেলে খাবার খেতে যান তারা।
“এ সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ওই খাবার হোটেলে উঠে গেলে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নজরুল ও হাসিবের মৃত্যু হয়।”
বাসটি আটক করা গেছে, তবে এর চালক ও সহযোগী পালিয়ে গেছে বলে জানান ট্রাফিক সার্জেন্ট আনোয়ারুল।
