পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ১২:২৭
পাবনায় মোটরসাইকেল-বাইসাইকেল সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেকজন। শনিবার সকাল নয়টার দিকে সদর উপজেলার আশুতোষপুর আক্তারের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ফারুক হোসেন (৩০)। তিনি আশুতোষপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।
 
স্থানীয়রা জানায়, ঘটনার সময় সদর উপজেলার আশুতোষপুর গ্রামের আক্তারের মোড়ে বিপরীতমুখী মোটর সাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ফারুক হোসেন নিহত হন। গুরুতর আহত বাইসাইকলে চালক সজিব হোসেনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একজন নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।