পাবনার ফরিদপুরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আসাদুজ্জামান আলালকে (জগ) ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ধানের শীষ প্রতীকের এক সমর্থককে একই অভিযোগে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ফরিদপুর উপজেলা রিটার্নিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তোফায়েল হোসেন জানান, শুক্রবার সন্ধ্যায় নির্বাচনী আচরণবিধি ভেঙ্গে এক প্রার্থীর এক সমর্থক মতিউর রহমানকে মারধর করেন জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান আলাল। একইদিন মতিউর রহমানও নির্বাচনী আচরণবিধি ভেঙ্গে প্রার্থীর সঙ্গে খারাপ আচরণ করেন। পরে রাত দশটার দিকে দুই জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সাক্ষ্য-প্রমাণ শেষে আসাদুজ্জামান আলালকে ১০ হাজার টাকা জরিমানা ও মতিউর রহমানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
