শৈলকুপায় মাইক্রোবাস চাপায় স্কুল ছাত্রী নিহত

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ১৩:৫৭
ঝিনাইদহের শৈলকুপার গাবলায় স্কুলে যাওয়ার পথে মাইক্রোবাস চাপায় উম্মে তাইবা আখি (১০) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে অপর এক স্কুল ছাত্রী সাফিয়া (৭)। শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে ঘটনাটি ঘটে। 
 
তারা উভয়েই ভাটই আধুনিক কিন্ডার গার্টেনের ছাত্রী। নিহত আখি শৈলকুপা উপজেলার গাবলা গ্রামের আমিনুল ইসলামের এবং আহত সাফিয়া একই গ্রামের তালেবুল ইসলামের মেয়ে। 
 
নিহত আখি ৪র্থ এবং আহত সাফিয়া প্রথম শ্রেণির ছাত্রী।
 
শৈলকুপা থানার ওসি তোজাম্মেল হক জানান, সকালে স্কুলে যাওয়ার জন্য আখি ও সাফিয়া ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের গাবলা ইট ভাটার কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি মাইক্রোবাস তাদের চাপা দেয়। 
 
এতে ঘটনাস্থলেই আখি নিহত হয় এবং সাফিয়া গুরুতর আহত হয়। আহত সাফিয়াকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 
দুর্ঘটনার পর মাইক্রোটি পালিয়ে যায়।