লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী রোমান হোসেন পাটওয়ারীর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এসময় ঘরের চারটি জানালার গ্লাস ভাংচুর শেষে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। শুক্রবার বিকাল সাড়ে তিনটায় পৌরসভার রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় রোমান হোসেন পাটওয়ারীর বাড়িতে ছিলেন না।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মোটরসাইকেল যোগে একদল মুখোশধারী যুবক রোমানের বাড়িতে হামলা চালায়। তারা ঘরের জানালার কয়েকটি গ্লাস ভাংচুর শেষে ককটেলের বিস্ফোরণ করলে আশপাশ এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পরে বাড়ির লোকজন বেরিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
রোমান হোসেন পাটওয়ারী বলেন, 'আওয়ামী লীগের মেয়র প্রার্থীর কর্মীরা প্রকাশ্যে আমার বাড়িতে হামলা চালিয়েছে। এসময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ ও ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। বিষয়টি রিটানিং অফিসারসহ প্রশাসনিক বিভিন্ন দফতর জানানো হয়েছে।'
অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের পাটওয়ারীর বলেন, 'আমি গণসংযোগে আছি। কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে, তা আমার জানা নেই।' তবে হামলার ঘটনার সঙ্গে তার কোনো নেতাকর্মী সম্পৃক্ত নেই বলেও তিনি দাবি করেন।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তোতা মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
