আত্মঘাতী যুবকের পরিচয় মেলেনি, লাশ রামেক মর্গে

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ১৭:০০

 

রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল সৈয়দপুর কাদিয়ানি মসজিদে বোমা হামলায় নিহত আত্মঘাতী যুবকের লাশ রাজশাহী মেডিক্যাল  কলেজ (রামেক) মর্গে পাঠানো হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশেষ নিরাপত্তায় বাগমারা থানা থেকে লাশ রামেকে স্থানান্তর করা হয়।

 

মামলার তদন্ত কর্মকর্তা বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আবুল কালাম আজাদ জানান, বিকেলের মধ্যে ময়নাতদন্তের কাজ শেষ হয়।

 

বাগমারা থানার ওসি মতিয়ার রহমান জানান, আত্মঘাতী যুবকের পরিচয় পাওয়া যায়নি। তাই লাশের ওয়ারিশ না থাকায় ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এরপর তারা লাশের দাফন সম্পন্ন করবে।

 

প্রসঙ্গত, মচমইল সৈয়দপুর কাদিয়ানি মসজিদে শুক্রবার জুমার নামাজ চলাকালে আত্মঘাতী বোমা হামলায় বোমা বহনকারী এক যুবক নিহত হন। এ ঘটনায় মারাত্মকভাবে আহত হন তিন মুসল্লি। তারা বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।