মীর নাছিরের গণসংযোগে হামলার অভিযোগ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ১৭:৫৯
 
পৌরসভা নির্বাচনে গণসংযোগ চলাকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গোচরা চৌমুহনী এলাকার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিনের গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে। এতে যুবদল-ছাত্রদলের ১১ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করে বিএনপি।
 
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে যুবলীগ ও ছাত্রলীগ এ হামলা চালায় বলে অভিযোগ করেন মীর মোহাম্মদ নাছির উদ্দিন।
 
মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, দুপুরে গোচরা এলাকা গণসংযোগ শুরু করলে ছাত্রলীগ-যুবলীগের নেতারা ইটপাটকেল নিক্ষেপ করে। ইটপাটকেলের আঘাতে ১১ জন আহত হয়েছেন। হামলায় আহত রাঙ্গুনিয়া পৌরসভা যুবদল নেতা ফারুক, মহিউদ্দিন, পারভেজ ও রানা নামে ৪ জনকে নগরীর একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
 
এদিকে হামলার বিষয়টি অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি ইঞ্জিনিয়ার সামশুল আলম বলেছেন, বিএনপি নেতা মীর নাছিরের ওপর কোন ধরনের হামলা ঘটনা ঘটেনি। মূলত দুপুরে আমাদের দলের মেয়র প্রার্থীর গণসংযোগ চলাকালে একই এলাকায় পাশাপাশি মীর নাছিরের নেতৃত্বে বিএনপি প্রার্থীর গণসংযোগ চলছিল। দুপক্ষ কাছাকাছি এলে বিএনপির লোকজন অপ্রীতিকর স্লোগান এবং প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে গালাগাল দিলে এনিয়ে কিছুটা উত্তেজনা সৃষ্টি এবং ধাওয়া দেয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে তা নিয়ন্ত্রণ করে।
 
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান,  খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।