ট্রাক থেকে ছিটকে পড়ে শ্রমিক নিহত

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ১৮:৫৪
পাবনার চাটমোহর উপজেলায় পাথরবোঝাই ট্রাক থেকে ছিটকে পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত দুই শ্রমিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহত মোহাম্মদ আলী (২০) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর মইশাখোলা গ্রামের আব্দুল জলিলের ছেলে। হতাহতরা সড়ক নির্মাণ ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেলে উপজেলার বিলচলন ইউনিয়নের বওশাঘাট এলাকায় পাথরের ব্লক বোঝাই একটি ট্রাক ঘটনাস্থলে ব্রেকে কষে। এ সময় ট্রাকের উপরে থাকা তিন শ্রমিকসহ কিছু ব্লক ছিটকে নিচে পড়ে যায়। এতে পাথরের ব্লকে চাপা পড়ে ঘটনাস্থলেই নির্মাণ শ্রমিক মোহাম্মদ আলী নিহত হন। আহত একই এলাকার শুকুর আলী (২২) ও হুসাইনকে (২০) চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।