‘আগামী পাঁচ বছরে রংপুরের পীরগঞ্জ উপজেলা শিক্ষা-নগরীতে পরিণত হবে। আগামী বছর ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে ২৫ হাজার ল্যাপটপ বিতরণের মাধ্যমে পরিকল্পনার কার্যক্রম শুরু হবে।’ শনিবার দুপুরে পীরগঞ্জ মহাবিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন এ মন্তব্য করেন।
এ সময় ‘ভবিষ্যতে বাংলাদেশের ছেলে-মেয়েরা বই-পুস্তকের পরিবর্তে ল্যাপটপ ব্যবহার করে পড়াশুনা করবে’ বলে তিনি মন্তব্য করেন।
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘শিক্ষকরা পরিশ্রম করলে পরিবর্তন আসবেই। সহকারী শিক্ষকদের বিকাল চারটা এবং প্রধান শিক্ষকদের বিকেল পাঁচটা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করা দরকার।’
এতে ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ও রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষানুরাগী ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এটিএম মাজহারুল আলম মিলন সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন।
এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোতাহারুল হক বাবলু, সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম, শিক্ষা-বোর্ড চেয়ারম্যানের সহধর্মীনি রওশন আরা, পীরগঞ্জ বিজ্ঞান ও কারিগরি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন।
