রাজশাহীতে আহমদিয়া সমপ্রদায়ের ওপর হামলা হতে পারে এমন তথ্য আগে থেকেই পুলিশের কাছে ছিল বলে জানা গেছে। বিষয়টি পুলিশ ও গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে আহমদিয়া সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিদের জানানোও হয়েছিল। কিন্তু সম্ভাব্য হামলা প্রতিরোধের বিষয়ে আহমদিয়া সম্প্রদায়, এমনকি আইন-শৃঙ্খলা বাহিনীরও প্রস্তুতি ছিল না বলে অভিযোগ ওঠেছে। গতকাল শনিবার এলাকাবাসীসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বাগমারা আহমদিয়া মসজিদে শুক্রবারের বোমা হামলার বিষয়ে এমন তথ্যই পাওয়া গেছে।
উপজেলার মচমইল সৈয়দপুর চকপাড়া আহমদিয়া মুসলিম জামাত (কাদিয়ানী) সমপ্রদায়ের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘গত ২৬ নভেম্বর বগুড়ার শিবগঞ্জ উপজেলায় শিয়া সমপ্রদায়ের মসজিদে হামলার পর থেকেই আহমদিয়া সমপ্রদায়ের লোকজন হামলার আশঙ্কায় ভুগছিলেন। হামলার আশঙ্কার বিষয়টি স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই আহমদিয়া সমপ্রদায়ের লোকজনকে জানিয়েছিল।’
আহমদিয়া সমপ্রদায়ের রাজশাহীর মোয়াল্লেম মো. সালাউদ্দিনও গতকাল শনিবার স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘মসজিদে এমন হামলা হতে পারে বলে আমরা আশঙ্কা করছিলাম। বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই আমাদের জানিয়েছিল। তারা আমাদের সর্তক থাকতেও বলেছিল। এরপর থেকেই আমরা হামলার আশঙ্কায় ভুগছিলাম। এমন আশঙ্কার মধ্যেই শুক্রবার বোমা হামলার ঘটনা ঘটলো।’ তবে এ বিষয়ে জানতে চাইলে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি।
