আগামী ৩০ ডিসেম্বর সিলেটের তিনটি পৌরসভার ২৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ২৫টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সিলেটের গোলাপগঞ্জ, জকিগঞ্জ ও কানাইঘাট পৌরসভায় ৯টি করে কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে কানাইঘাটে দু’টি ভোটকেন্দ্র বাদে তিন পৌরসভার সব কয়টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গোলাপগঞ্জ থানার ওসি একেএম ফজলুল হক শিবলী জানান, গোলাপগঞ্জ পৌরসভায় ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অতীতের রেকর্ড বিবেচনা করে সব কয়টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জকিগঞ্জ খানার ওসি মো. শফিকুর রহমান জানান, এ পৌরসভার ৯টি কেন্দ্রের মধ্যে সব কয়টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
অন্যদিকে কানাইঘাট থানার ওসি হুমায়ুন কবীর জানান, কানাইঘাট পৌরসভার ৯টির মধ্যে ৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
