খাগড়াছড়ির রামগড়ে লাকড়ি বোঝাই একটি চান্দের গাড়ি ( খোলা জিপ) উল্টে একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকাইয়া কলোনী নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আরেফুল ইসলাম (১৬)। গুরুতর আহত ডালিমকে(১৭) রামগড় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার পুলিশ জানিয়েছে, আল আমানত নামে একটি চান্দের গাড়ি বন থেকে জ্বালানি কাঠ (লাকড়ি) বোঝাই করে রামগড় আসছিল। ঢাকাইয়া কলোনির দাঁতারামপাড়া এলাকায় মোড় ঘোরানোর সময় গাড়িটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে শ্রমিক আরেফুল ইসলাম ঘটনাস্থলে মারা যান।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন খান জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আজ ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।
