গুরুদাসপুরে নৌকার প্রচারণায় কেন্দ্রীয় কমিটির সম্পাদক

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ১৩:৩৫
 
নাটোরের গুরুদাসপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন আওয়ামী যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি। রবিবার সকালে পৌরসভার ১নং ওয়ার্ডে তাকে প্রচারণা চালাতে দেখা গেছে।
 
মুক্তি বলেন, আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতেই তিনি দল মনোনীত একক প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আলীর পক্ষে গণসংযোগ চালাচ্ছেন।
 
জানা যায়, এবারের পৌর নির্বাচনে মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে প্রচারণায় ও জন সর্মথনে এগিয়ে আছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। ঐ প্রার্থীর পক্ষে বিরামহীনভাবে প্রচারণা চালাচ্ছেন দলীয় নেতা-কর্মীরা। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।
 
দল মনোনীত একক প্রার্থী শাহনেওয়াজ আলী বলেন, দলের ভেতর কোন্দল না থাকায় তৃণমূল নেতা-কর্মীরা নৌকার বিজয় ধরে রাখতে তার পক্ষে নিরলস প্রচারণা চালাচ্ছেন।
 
এদিকে বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে পড়েছেন বিএনপি। বিএনপিতে বিদ্রোহী প্রার্থী থাকায় দ্বিধা বিভক্ত হচ্ছেন তৃণমূল নেতা-কর্মীরা। দলীয়ভাবে বিএনপি সমর্থিত প্রার্থীর দৃশ্যত প্রচারণা চালাতে দেখা যাচ্ছে না। তবে বিদ্রোহী প্রার্থী মো. আমজাদ হোসেন প্রচারণায় রয়েছেন।