সংসদে সমাজকল্যাণ পরিষদ বিল উত্থাপন

আপডেট : ১১ মার্চ ২০১৯, ২২:১০

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় সমাজকল্যাণ পরিষদকে আইনি কাঠামোয় আনতে যুগোপযোগী করার লক্ষ্যে জাতীয় সংসদে ‘বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ বিল-২০১৯’ উত্থাপন করা হয়েছে। গতকাল সোমবার সংসদে বিলটি উত্থাপন করেন সমাজকল্যাণ মন্ত্রী নূরুজ্জামান আহমেদ। পরীক্ষা করে সংসদে রিপোর্ট দেওয়ার জন্য বিলটি সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। বিলের বিধানে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ প্রতিষ্ঠা করার প্রস্তাব করা হয়েছে। ঢাকায় পরিষদের প্রধান কার্যালয় ও প্রয়োজনে দেশের যে কোনো স্থানে শাখা কার্যালয় স্থাপনের বিধানের প্রস্তাব করা হয়। বিলে পরিষদের কার্যাবলী, পরিষদ পরিচালনা, সমাজকল্যণ মন্ত্রীকে সভাপতি করে ৮৪ সদস্যের পরিচালনা বোর্ড গঠন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে চেয়ারম্যান করে ১৯ সদস্যের নির্বাহী কমিটি গঠন, নির্বাহী কমিটির সভা, কমিটির দায়িত্ব ও কার্যাবলী, নির্বাহী সচিব নিয়োগ এবং তার দায়িত্ব ও কর্তব্য, কর্মচারী নিয়োগ, কমিটি গঠন, তহবিল, বাজেট, হিসাব রক্ষণ ও নিরীক্ষা, প্রতিবেদন পেশ, বিধি-প্রবিধি প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়।