ঢাকার ডেমরার বাসা থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। শনিবার রাত ১২টার দিকে কোনাপাড়া থেকে বিউটি আক্তার (৫০) নামের ওই নারীকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার পরিদর্শক মো. সিরাজুল ইসলাম জানান, বিউটিকে তার ছেলে মুন্না হাসাপাতালে নিয়ে এসেছিলেন।
মুন্নার বরাত দিয়ে সিরাজুল ইসলাম জানান, রাতে বাসায় এক ঘরে বিউটি আর তার ছোট মেয়ে ছিল। পরে বিউটিকে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন তার ছেলে। মুন্না তার মাকে হাসপাতালে নিয়ে আসার পর হাসপাতাল ফাঁড়ির পুলিশ ডেমরা থানায় খবর দেয়। বিউটি ‘মানসিক ভারসাম্যহীন’ ছিলেন বলে তার ছেলে জানিয়েছেন।
তিনি বলেন, প্রাথমিক আলামত দেখে বিষয়টি আত্মহত্যা বলেই মনে হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই বিউটির পরিবার লাশ নিতে আবেদন করেছে।
