ইত্তেফাক রিপোর্ট
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার অস্ত্রসহ ধরা পড়েছেন যশোরের চৌগাছা উপজেলার ফুলসার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেহেদী মাসুদ হোসেন। সোমবার ঢাকা থেকে যশোরে যাওয়ার সময় বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে তাকে আটক করে সিভিল এভিয়েশনের নিরাপত্তা কর্মীরা। আটক মেহেদী মাসুদ হোসেন চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, কর্তৃপক্ষকে অবহিত না করেই বিকালে নভোএয়ারের ফ্লাইটে যশোর যাচ্ছিলেন মেহেদী মাসুদ হোসেন। বিমানবন্দরের অভ্যন্তরীণ গেটে প্রথম তল্লাশির সময় তার কাছে একটি অস্ত্র পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়।
সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) নাঈম হাসান সাংবাদিকদের কাছে বলেন, আটক মেহেদী মাসুদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ব্যাপারে গতকাল রাত সাড়ে ৮টার দিকে বিমাবন্দর থানার ওসি নূরে আলম বলেন, বিমানবন্দরে কেউ অস্ত্রসহ আটক হয়েছে-এমন কোনো তথ্য পুলিশের কাছে নেই। এ সংক্রান্ত কেউ অভিযোগও দেয়নি।
গত ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে পলাশ নামে এক যুবক নিহত হন। গত ৫ মার্চ ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের কাছে থাকা লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র সিভিল এভিয়েশনের নিরাপত্তা কর্মীদের তল্লাশিতে শনাক্ত হয়নি। পরে তিনি আগ্নেয়াস্ত্রটি জমা দিলে বিমান-বন্দরের নিরাপত্তা ইস্যুটি সমালোচনার মুখে পড়ে।
