কুমিল্লার চান্দিনা পৌর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক পৌর মেয়র আলহাজ আব্দুল মান্নান সরকার (জগ)।
রবিবার বিকেলে চান্দিনা উপজেলা চেয়ারম্যান কার্যালয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মফিজুল ইসলামের (নৌকা) সঙ্গে একাত্ততা প্রকাশ করেছেন বলে আব্দুল মান্নান সাংবাদিকদের নিশ্চিত করেন।
পরে পৌরসভার ১নং ওয়ার্ড মহারং এলাকার উঠান বৈঠকে আওয়ামী লীগ প্রার্থী মফিজুল ইসলামের পক্ষে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন মান্নান সরকার। তবে নির্বাচন তফসিল অনুসারে ১৩ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন হওয়ায় ৩০ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান সরকার কাগজে-কলমে চান্দিনা পৌরসভার মেয়র তালিকায় প্রার্থী থাকবেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি ও এফবিসিসিআই পরিচালক মুনতাকিম আশরাফ টিটু, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান দুলু, পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি জয়নাল আবেদীন, আব্দুল জলিল কমিশনার প্রমুখ উপস্থিত ছিলেন ।
উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মাসুদুল হক বলেন, ‘একাত্ততা করার বিষয়টি এখন আইনগতভাবে কার্যকর নয়। প্রার্থী আব্দুল মান্নান সরকার যদি নির্বাচনে এজেন্টও না দিয়ে বেশি ভোট পায় তাহলে তার নামেই গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।’
