বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে শিশু ও ১৯ নারীসহ ২৭ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তাদের বিরুদ্ধে অভিযোগ, ওই সীমান্ত অতিক্রম করে তারা অবৈধভাবে ভারত যাচ্ছিল।
২৬ বিজিবি ব্যাটালিয়ন বেনাপোল ক্যাম্পের সুবেদার জানান, শনিবার ওই সীমান্তে অভিযান চালিয়ে ১৯ জন নারী, চারজন শিশু ও চারজন পুরুষকে আটক করা হয়। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি। আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
আটকরা জানায়, বিজিবি সদস্যরা অভিযান চালালে তাদের ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। তারা নড়াইল, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক সুজিত কুমার জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের আইনে মামলা হয়েছে।
