'ভালোবাসা দিবসে রাস্তা পরিষ্কার করুন'

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ১৯:৩৯
সারা বিশ্বের মতো বাংলাদেশেও ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয়। এ দিন অনেকেই প্রিয়জনকে দেন বিভিন্ন উপহার, আসেন আরও কাছাকাছি। তবে এবারের ১৪ ফেব্রুয়ারি একটু অন্যরকমভাবে পালন করতে নগরবাসীর প্রতি আহ্বান জানালেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। নগরকে ভালোবেসে এদিন  রাস্তা পরিষ্কার করার কথা বললেন তিনি।
 
ভালোবাসা দিবসে তিনি সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ নগরবাসীকে নগর পরিষ্কারের কাজে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন। সাঈদ খোকন বলেন, ১৪ ফেব্রুয়ারি যেমন করে সবাই মা-বাবা পরিবার-পরিজনসহ প্রিয়জনকে ভালোবাসা উজাড় করে দেয়, ঠিক একইভাবে নগরীকে ভালোবেসে নগর পরিষ্কারে রাস্তায় নেমে আসার আহ্বান জানাচ্ছি। ১৪ ফেব্রুয়ারি হবে নগরীকে ভালোবাসার বহিঃপ্রকাশ।
 
রবিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সভাকক্ষে রাজধানীতে সেবাদানকারী ২৬টি প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিদের সভায় তিনি এসব কথা বলেন। নগরী পরিষ্কারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে একদিন সাদা শার্ট পরে সবাইকে অফিস করারও আহ্বান জানান মেয়র। তবে কবে থেকে সাদা শার্ট পরতে হবে তার তারিখ পরে জানাবেন বলে জানান তিনি।
 
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক দীন মো. নুরুল হক, রাজধানী উন্নয়ন করপোরেশনের (রাজউক) চেয়ারম্যান জিএম জয়নাল আবেদীন ভূঁইয়া, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক রিয়াজ আহমেদ, ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজ উদ্দিন প্রমুখ।