নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে সোমবার

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ২০:২৬
 
পৌরসভা নির্বাচনকে ঘিরে সারাদেশের পৌরসভাগুলো এখন উৎসবের নগরীতে রূপ পেয়েছে। নির্বাচনের প্রচার-প্রচারণা সোমবার মধ্যরাতে শেষ হচ্ছে। বিধি অনুযায়ী, ভোটগ্রহণের ৩২ ঘণ্টা আগেই শেষ হবে সব ধরণের প্রচারণা।
 
২৮ তারিখ মধ্যরাত থেকে সব পৌরসভাতে বহিরাগতদের অবস্থানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একইভাবে রবিবার মধ্যরাতের পর থেকে ৩১ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। ২৯ ডিসেম্বর মধ্যরাত থেকে ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ১২ ধরনের যানবাহন চলাচলও বন্ধ থাকবে।
 
নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহ নেওয়াজ বলেন, প্রথমবারের মতো দলীয় প্রতীকে স্থানীয় সরকারের নির্বাচন উপলক্ষে পুরো প্রস্তুত নির্বাচন কমিশন (ইসি)। ৩০ ডিসেম্বর উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২৮ ডিসেম্বর থেকে ৪ দিনের জন্য মাঠে নামবে নিরাপত্তাবাহিনীর সদস্যরা। পুরো এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে দেয়া হবে। পৌর এলাকাগুলোর মোড়ে মোড়ে বসানো হবে নিরাপত্তা চৌকি। নিয়মিত চলবে র‌্যাব ও বিজিবির টহল।
 
এদিকে ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ উপলক্ষে ওই দিন ২৩৪ পৌরসভায় ইতোমধ্যে সাধারণ ছুটি ঘোষণা করেছে কমিশন। এদিন, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলবে। এ নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলরসহ মোট ১২ হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।