জলঢাকায় নৌকা ঠেকাতে মরিয়া আওয়ামী লীগ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ২০:৩৯
আসন্ন জলঢাকা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর নৌকা ঠেকাতে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছে সংগঠনটির পৌর সভাপতি আশরাফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ ও পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক বাবুলসহ কিছু নেতা-কর্মী এমন অভিযোগ করেছেন নৌকার প্রার্থী আব্দুল ওয়াহেদ বাহাদুরসহ দলীয় নেতা-কর্মীরা।
 
পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে স্থানীয় আওয়ামী লীগের পাঁচজন ও বর্তমান মেয়র সম্প্রতি উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি পদ বিসর্জন দিয়ে পৌর কৃষকলীগে যোগদানকারী  বর্তমান মেয়র ইলিয়াস হোসেন বাবলু জোর তৎপরতা চালায়। দলীয় সিদ্ধান্তে মনোনয়ন যুদ্ধে বিজয়ী হয়ে দলীয় মনোনয়ন ছিনিয়ে নেয় সাবেক উপজেলা যুবলীগ সভাপতি ও সদ্য উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান থেকে পদত্যাগকারী আব্দুল ওয়াহেদ বাহাদুর।  কেন্দ্রীয় সিদ্ধান্ত দলের সবাইকে একসঙ্গে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশনা থাকলেও এখানে তা মানা হচ্ছে না। কিছুদিন চুপিসারে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা চালালেও এখন তা প্রকাশ্য রুপ নিয়েছে। প্রতিদিনই বিদ্রোহী প্রার্থী ইলিয়াস হোসেন বাবলুর নারিকেল গাছ প্রতীকের প্রচারণা অংশ নিচ্ছেন পথসভায় স্থানীয় পৌর আওয়ামী লীগ সভাপতি, সম্পাদক ও কৃষকলীগ সম্পাদক। তারা ওই বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণায়-পথসভায় জয় বাংলা স্লোগান দিয়ে ভোট প্রার্থনা করতে দেখা যাচ্ছে।
 
এদিকে প্রতিটি পথসভায় এই বিদ্রোহীদের বহিষ্কারের দাবি তুলছেন স্বয়ং নৌকার প্রার্থী। তারপরও কোন সুরাহা মিলছেনা।
 
বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থানকারী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, নৌকার প্রার্থীর পক্ষে আমার কাজ করার সম্ভব নয়।
উপজেলার আওয়ামী লীগ সভাপতি বলেন,  ‘আমরা লিখিতভাবে তাদেরকে সতর্ক করেছি। ৩০ ডিসেম্বরের পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে। 

আওয়ামী লীগ প্রার্থী আব্দুল ওয়াহেদ বাহাদুর বলেন, ‘নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এ গতি দু একজন বিরোধীতা করে ঠেকাতে পারবে না। নৌকার বিজয় সুনিশ্চিত।’