চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে যখন বিরামহীন প্রচারণা চালাচ্ছেন নৌকার মেয়র প্রার্থী সেলিমুল হক চৌধুরী ঠিক তখনই কিছুটা কৌশলী পথে হাঁটছেন ধানের শীষের প্রার্থী কামরুল ইসলাম হোসাইনী।
এলাকাবাসীর কাছে তিনি পরিচিত ‘কমরু’ হিসেবে। প্রচারণার অংশ হিসেবে নিজেই ভোটারদের দ্বারে দ্বারে উপস্থিত হচ্ছেন। জনে জনে কুশল বিনিময় করছেন। লিফলেট দিয়ে ভোটারদের দোয়া চাচ্ছেন বিএনপির মেয়র প্রার্থী কমরু। কমরুর পক্ষে বিএনপির এতদিন কোন নেতাকে প্রচারণায় দেখা যায়নি।
অবশেষে রবিবার কামরুর পক্ষে নির্বাচনী প্রচারণায় নামেন বিএনপির কেন্দ্রীয় নেতা এবং মক্কা মহানগর বিএনপির সভাপতি ফিরদৌস চৌধুরী মিঠু। তারা বাসা-বাড়ি, বাজার-লোকালয়ে লিফলেট বিতরণ করেন ও ভোট চান।
ফিরদৌস চৌধুরী মিঠু জানান, বিএনপির প্রতীক ‘ধানের শীষে’ নির্বাচন হচ্ছে। এর সঙ্গে এই এলাকার মানুষের আবেগ জড়িত। কামরুল ইসলাম হোসাইনীকে নিয়ে আমরা ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছি। তিনি আগেও এখানকার জনপ্রিয় মেয়র ছিলেন। এলাকার উন্নয়নে অনেক কাজ করেছেন।
ফিরদৌস চৌধুরী মিঠু বলেন, ‘প্রতিদিন প্রচারণা চালাচ্ছি। আমার নিজস্ব কৌশলে গণসংযোগে ব্যস্ত সময় পার করছি।’
উল্লেখ্য, বাঁশখালীতে পৌরসভা নির্বাচনে ৪০ জন সাধারণ কাউন্সিলর ও ১০ জন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন করছেন। ২৩ হাজার ৭৯২ জন ভোটার ১১ টি কেন্দ্রে ভোট দেবেন।
