ক্ষেতে কামলা নেয়াকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় দুইদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলিবর্ষণ করেছে। সোমবার সকাল সাড়ে আটটার দিকে শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের আওধা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত ওসি তোজাম্মেল হক জানান, ক্ষেতে কামলা নেওয়াকে কেন্দ্র করে আওধা গ্রামে বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ও ধলহরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে বাক-বিতন্ডা হয়। রবিবার রাতে আওধা গ্রামে কয়েকজনকে মারপিটের ঘটনা ঘটে। তারই জের ধরে উভয় পক্ষের লোকজন ঢাল, সরকি, রামদা, লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ব্যাপক ফাঁকা গুলিবর্ষণ করে।
এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষকালে আওধা বাজারের ৭/৮টি দোকানে হামলা ও ভাঙচুর হয়। হুদাকুশোবাড়িয়া গ্রামে একটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
