নরসিংদী শহরে এক ব্যবসায়ীকে গুলি করে ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার দুপুরে নরসিংদী বাজারের স্বর্ণপট্টিতে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি আবুল কাশেম জানান।
আহত এরশাদ মিয়া (৩২) শহরের ভেলানগর মহল্লার সুলতান উদ্দীনের ছেলে এবং নরসিংদী বাজারে তার কাপড়ের ব্যবসা রয়েছে। এরশাদকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ওসি আবুল কাশেম জানান, দুপুর ১টার দিকে ন্যাশনাল ব্যাংক নরসিংদী শাখা থেকে ৯০ হাজার টাকা তুলে অটোরিকশায় করে বাড়িতে ফিরছিলেন এরশাদ । পথে ছিনতাইকারীরা রাস্তা আটকে তার ডান পায়ে গুলি করে এবং তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এরশাদের চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি।
