কুমিল্লার ৬টি পৌরসভার ৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৬টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে দাউদকান্দি ও বরুড়া পৌরসভার সবকটি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ।
জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার লাকসাম পৌরসভার ২০ কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ১০টি, চান্দিনার ১৩টির মধ্যে ১১টি, হোমনার ৯টি কেন্দ্রের মধ্যে ৭টি, চৌদ্দগ্রামের ১২টি কেন্দ্রের মধ্যে ৭টি এবং দাউদকান্দি পৌরসভার ১৫টি কেন্দ্রের সবগুলো ও বরুড়া পৌরসভার ১৬টি কেন্দ্রের সবগুলো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. রাশেদুল ইসলাম জানান, নির্বাচন সুষ্ঠু করতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর মোতায়েন থাকবে।
সোমবার বিকেলে কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মোখলেছুর রহমান জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি ৮ প্লাটুন বিজিবি গত রবিবার থেকে দায়িত্ব পালন করছে।
